গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে কোনো সমাজ বা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল একটি ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান। সভায় বক্তারা বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক ও সামাজিক বৈষম্যের মতো সমস্যাগুলো এখনও সমাজে বিদ্যমান। এসব সমস্যা দূর করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। একজন শিক্ষিত ও সচেতন নারী একটি পরিবারকে যেমন আলোকিত করতে পারেন, তেমনি একটি সমাজকেও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায্যতা; সুবিচার ও সমঅধিকার”—বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, সচেতনতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নারী অধিকার ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন